সাদুল্লাপুরে চালককে নেশা খাইয়ে অচেতন করে ইজিবাইক ছিনতাই।
- আপডেট সময় : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ৩৮১ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে চালককে নেশা খাইয়ে অচেতন করে ইজিবাইক ছিনতাই।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক ইজিবাইক চালকের যানবাহন ছিনতাই করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা। এতে একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী আনিসুর রহমান (৩৭)।
তিনি ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত ইজিবাইক চালিয়ে পরিবার পরিচালনা করে আসছিলেন।
ঘটনাটি ঘটে গত ১ ডিসেম্বর ২০২৫, সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে। প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে যাত্রী তুলে বের হন আনিসুর। তিনজন আরোহী নিয়ে ছোট ছত্রগাছা উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ধাপেরহাট ওয়াহেদ মোড় এলাকায় পৌঁছালে আরও দুই ব্যক্তি অটো থামিয়ে একজনের সাদুল্লাপুরে যাওয়ার কথা বলেন। অপর জন মোটরসাইকেল নিয়ে অটোর পেছনে চলতে থাকে।
সাদুল্লাপুরে পৌঁছে ছিনতাইকারীরা কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে পান খাওয়ার নাম করে তাকে ‘শয়তানের নিঃশ্বাস’ জাতীয় নেশাজাতীয় দ্রব্য মেশানো পান খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যেই আনিসুর মানসিকভাবে অসুস্থ ও অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তার ইজিবাইকটি নিয়ে উধাও হয়ে যায়।
চেতনা ফিরে আসার পর তিনি ইজিবাইক খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তার সঙ্গে থাকা যাত্রীসহ মোটরসাইকেল আরোহীকেও আর খুঁজে পাননি। নেশার কারণে তিনি কাউকে কিছু বলতে পারছিলেন না এবং মুখও ঠিকমতো খুলতে পারছিলেন না বলে জানান।
ভুক্তভোগী আনিসুর রহমান বলেন,
“তারা আমাকে সুকৌশলে ধাপেরহাট থেকে সাদুল্লাপুরে নিয়ে যায়। কয়েকটি মসজিদে পানি সংগ্রহ করে পরে এক কবিরাজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আমাকে পান খাওয়ানোর পর বুঝতে পারি আমার ইজিবাইকটি নেই। আমার সঙ্গে থাকা যাত্রীরাও নিখোঁজ হয়ে যায়। এখন পরিবার-পরিজন নিয়ে আমি বিপদে পড়েছি।”
এ ঘটনায় জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। দ্রুত ইজিবাইক উদ্ধারের জন্য তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার পর আনিসুর রহমান সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সুপদ কুমার হালদার।
তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও ইজিবাইক উদ্ধারে পুলিশ কাজ করছে।










