ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে: ভোটার তালিকায় যুক্ত হয়েছে ১২ কোটি ৭৬ লাখের বেশি নাগরিক।
- আপডেট সময় : ০৩:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১৫৪ বার পড়া হয়েছে

দেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সর্বশেষ তালিকায় দেশে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সিইসির দেয়া পরিসংখ্যান অনুযায়ী—
-
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন
-
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন
-
হিজড়া ভোটার: ১ হাজার ২৩৪ জন
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর বয়স পূর্ণ করেছেন, তারা এই তালিকায় যুক্ত হওয়ার যোগ্যতা পেয়েছেন।
সিইসি আরও বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম এক বছরের ব্যবধানে তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন। এই ধারাবাহিক প্রক্রিয়ার ফলেই সর্বশেষ তালিকায় ১২ কোটির বেশি নাগরিকের নাম যুক্ত হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, ৬৪ জেলার ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র থাকবে। এর মধ্যে—
-
পুরুষদের জন্য কক্ষ: ১,১৫,১৩৭টি
-
নারীদের জন্য কক্ষ: ১,২৯,৬০২টি
-
মোট ভোটকক্ষ: ২,৪৪,৬৪৯টি
এ ছাড়া অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৪টি।
প্রতিটি ভোটকক্ষে গড়ে ৩ হাজার ভোটার ধরে ‘ক্যাচমেন্ট এরিয়া’ নির্ধারণ করা হয়েছে, প্রয়োজনে যা সামঞ্জস্য করা হবে বলে কমিশন জানিয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও গ্রহণ করা হবে। সারাদেশের ১২ কোটিরও বেশি ভোটার ওই দিন ভোটাধিকার প্রয়োগ করবেন।










