গাইবান্ধায় ইনকিলাব মঞ্চের মুখ্যপত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল।
- আপডেট সময় : ০৩:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র মনোনয়নপ্রত্যাশী ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই মিছিল শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী পক্ষে জেলা আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব জিম ও জাহিদ হাসান জীবন, ছাত্রশিবির শহর শাখার সভাপতি সাদিক হাসান, আপ বাংলাদেশ জেলা আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব তাজুল ইসলাম তমাল, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ওবায়দুল উল্লাস, এনসিপির সদ্য পদত্যাগকারী যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান সবুজ, জুলাই যোদ্ধা সভাপতি আমিনুর, ছাত্র অধিকার পরিষদের শরিফুল এবং ছাত্রদলের আরাফাতসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা।
সমাবেশে বক্তারা ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গাইবান্ধার মানুষ সবসময় স্বাধীন মতপ্রকাশ, গণতান্ত্রিক অংশগ্রহণ ও বৈষম্যবিরোধী আন্দোলনের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনো সহিংসতায় পরিণত হতে পারে না। দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে সকলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
মশাল মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।










