বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।
- আপডেট সময় : ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১৫১ বার পড়া হয়েছে

১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।
মির্জা ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
১৯৭৭ সালের পর একাধিক রাজনৈতিক ঘটনার পর তারেক রহমান ২০০৭ সালে গ্রেপ্তার হন। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে স্ত্রী ও সন্তানসহ তিনি সেখানেই বসবাস করছেন।
বিগত বছরগুলোতে বিভিন্ন মামলায় সাজা হওয়ায় দেশে ফেরার পথে বাধা তৈরি হয়েছিল। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় বিভিন্ন মামলার সাজা বাতিল হয় এবং কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি মেলে।
তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু হয় যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক পর্যায়ে পৌঁছায়। লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছিলেন,
“এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত।”
তিনি আরও যোগ করেন,
“রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।”
বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইতিমধ্যে জানানো হয়েছিল যে তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো আইনি বাধা নেই।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা জানার পর বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্র জানায়, রাজধানীসহ সারাদেশে তাঁর স্বাগত ও দলের প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে।










