সুদানে ইউএন শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলা: ছয় বাংলাদেশি শহীদ, আহত আট।
- আপডেট সময় : ০৬:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৩ বার পড়া হয়েছে

সুদানে ইউএন শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলা: ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ, আহত আট।
ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার):
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ (ইউএন) শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক এই ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা দায়িত্ব পালনরত ছিলেন।
🕊️ শহীদ শান্তিরক্ষীদের নাম ও পরিচয়:
১. কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর)
২. সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩. সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী)
৪. সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম)
৫. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬. লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)
🏥 আহত শান্তিরক্ষীদের নাম:
১. লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
২. সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
৩. কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা)
৪. ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
৫. সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
৬. সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার্স (রংপুর)
৭. সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
৮. সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)
আহত আটজন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজন আহত শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা সবাই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অটল অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।










