উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে শরিফ ওসমান হাদি: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর।
- আপডেট সময় : ০২:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১৬৭ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে শরিফ ওসমান হাদি: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর।
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে বহনকারী বিশেষ মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। উল্লেখ্য, সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর পরপরই যাত্রার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।
গত রোববার শরিফ ওসমান হাদিকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তার চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালে যোগাযোগ করা হয়। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। হাদির দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
সিঙ্গাপুরে পৌঁছানোর পর এয়ার অ্যাম্বুলেন্সটি সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা কার্যক্রম তদারকিতে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সক্রিয় ভূমিকা পালন করবে।
এ সময় হাদির সঙ্গে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন নার্স এবং তার বড় ভাই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা নিশ্চিত করছে।










