ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে
- আপডেট সময় : ০৪:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে নিয়মিত নির্বাচন গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বা রুফটপ সোলার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সার সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় বিরোধীদলীয় সংসদ সদস্যরা কৃত্রিম সার সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
এর আগে গাইবান্ধায় পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেন তিনি।









