এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগের আমবাগান কাটার ঘটনায় সাদুল্লাপুরে মানববন্ধন
- আপডেট সময় : ১০:৫৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২৩৪ বার পড়া হয়েছে

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগের আমবাগান কাটার ঘটনায় সাদুল্লাপুরে মানববন্ধন
গাইবান্ধা (সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ) প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৭ বিঘা জমির আমবাগান কেটে ফেলার ঘটনায় আজ (শুক্রবার) জুম্মার নামাজ শেষে ধাপেরহাট বাজারে ব্রিজের নিচে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে রাতের আঁধারে কৃষকের ফসল ও ফলজ বাগান ধ্বংস করা হচ্ছে। এর আগে বেগুনক্ষেত নষ্ট করা হয়, এখন আবার আমবাগানের ওপর হামলা চালানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলহাজ্ব আব্দুর রহমান (ভোলা হাজী) ও তার ভাই সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ বলেন, “দীর্ঘ শ্রম আর স্বপ্ন নিয়ে লাগানো বাগান মুহূর্তে শেষ হয়ে গেল। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”
এ সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বারবার ফসল নষ্ট করে শত্রুতা করা হচ্ছে। থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, যারা কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসল নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ কৃষক চরমভাবে নিরুৎসাহিত হবে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
মানববন্ধন থেকে দ্রুত নাশকতাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।










