গাইবান্ধায় মোটরসাইকেলের সিট-ট্যাঙ্কে লুকানো সাড়ে ৬ কেজি গাঁ*জা উদ্ধার
- আপডেট সময় : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরে মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কের ভেতর অভিনব কৌশলে লুকিয়ে পাচারের সময় ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন জেলখানা মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম সন্দেহভাজন একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন। তবে সংকেত পাওয়ার পর চালক কিছুটা সামনে গিয়ে মোটরসাইকেলটি সড়কে ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে গাইবান্ধা সদর থানা পুলিশ ও ট্রাফিক সদস্যরা স্থানীয়দের উপস্থিতিতে মোটরসাইকেলটিতে তল্লাশি চালান। এ সময় সিট, তেলের ট্যাঙ্ক ও পাশের কভার খুলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আলতাফ হোসেন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শহরকে যানজটমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত তদারকি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোটরসাইকেলটি তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।










