গোবিন্দগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাঙচুর,আহত ১৪
- আপডেট সময় : ০৫:৩৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহমুদ হাসানের সার ও কীটনাশকের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাপড়ীগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার বান্না গ্রামে এক ছেলে ও মেয়েকে আটক করে ৫০ হাজার টাকা নিয়ে মীমাংসা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম: আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন। এ ঘটনায় ছাত্রদল নেতা মাহমুদ হাসান প্রতিবাদ করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এর জের ধরেই রিপন তার লোকজন নিয়ে মাহমুদ হাসানের দোকানে হামলা চালান। এ সময় দোকানে থাকা লোকজন বাঁধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে কামারদহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহমুদ হাসান অভিযোগ করে বলেন, রিপন চিহ্নিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তাওহীদ ট্রেডার্সে হামলা চালায়। এতে তার পক্ষের তানভীরসহ ১০ জন আহত হয়েছেন। দোকান ভাঙচুর ও মালামাল ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নগদ টাকা লুট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তার অভিযোগ, রিপন দীর্ঘদিন ধরে ছাত্রদলসহ বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে বিরোধ মীমাংসা ও নানা অজুহাতে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছেন। সম্প্রতি ছেলে ও মেয়েকে আটকের ঘটনায় রিপন প্রথমে ছেলের পকেটে থাকা ১৮ হাজার টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা নেন। এ ঘটনার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন মাহমুদ। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন বলেন, শালিশে যে ৫০ হাজার টাকা পাওয়া গিয়েছিল, তা সংশ্লিষ্ট ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও মাহমুদ হাসান বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি করেন। এ কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে উল্টো তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের চারজন আহত হয়েছেন বলেও দাবি করেন রিপন।তিনিও একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে থানার এএসআই আলমগীর হোসেন ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ দুটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ছাত্রদল নেতা মাহমুদ হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল। সোমবার রাত সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার ও ভুক্তভোগী ছাত্রদল নেতা মাহমুদ হাসান। সংবাদ সম্মেলন থেকে হামলার সঙ্গে জড়িত হাসানুর ইসলাম রিপনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়।











