বিয়ের দুদিন পর গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষকের মৃত্যু, তদন্তে পুলিশ
- আপডেট সময় : ০৮:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৭৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের দুদিন পর আবু সালেম প্রধান (২৮) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মধ্য নিরুপাড়া এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সালেম প্রধান দরবস্ত ইউনিয়নের মধ্য নিরুপাড়া গ্রামের ইসহাক প্রধানের ছেলে। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট পারিবারিকভাবে কাটাবাড়ি ইউনিয়নের মালেকাবাদ এলাকার আইস উদ্দিনের মেয়ে শ্যামলী আক্তারের সঙ্গে আবু সালেম প্রধানের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে তাঁর কিছুটা আপত্তি ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা কলাবাগানে তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার তদন্তের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, বিয়ের মাত্র দুই দিনের মাথায় ওই শিক্ষকের মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবার, নববধূসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।










