সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড়
- আপডেট সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
মা-বাবার ইচ্ছা পূরণে ব্যতিক্রমী আয়োজন। হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন পরিবারের একমাত্র ছেলে সাকিব। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রাম থেকে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়িতে পৌঁছান তিনি। ব্যতিক্রমী এ বরযাত্রার খবর ছড়িয়ে পড়লে বরকে একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
বর সাকিব চকনদী গ্রামের সাইদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁর কনে সুরাইয়া আক্তার হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার বড় মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে হাতির পিঠে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হন সাকিব। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একমাত্র দুলাভাই। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা কনের বাড়িতে পৌঁছান। পরিবারের একমাত্র ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখা এবং মা-বাবার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়।
হাতির পিঠে চড়ে বর আসছেন—এমন খবর ছড়িয়ে পড়লে হিংগারপাড়া গ্রামে ব্যাপক কৌতূহল তৈরি হয়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ কনের বাড়ির আশপাশে জড়ো হন। অনেকেই এমন ব্যতিক্রমী বরযাত্রা দেখতে ভিড় করেন।
সাকিবের বোন বলেন, “বাবা-মায়ের ইচ্ছাতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।”
কনের বাবা খোকন মিয়া বলেন, “বর হাতির পিঠে চড়ে আসছে, এতে আমি খুশি।”
কনে সুরাইয়া আক্তার আনন্দ প্রকাশ করে বলেন, “আমার বর হাতির পিঠে চড়ে বিয়ে করতে আসছে। সবাই দেখলেও আমি স্বচক্ষে দেখতে পেলাম না। তবে আমি খুবই আনন্দিত।”
বর সাকিবের মধ্যেও এ আয়োজন ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের এলাকায় এ ধরনের বরযাত্রা আগে দেখা যায়নি। তাই ব্যতিক্রমী এ আয়োজন দেখতে তাঁরা কনের বাড়ির আশপাশে জড়ো হন।
মা-বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে সাকিবের বিয়ে করতে যাওয়ার ঘটনা দুই গ্রামের মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে। ব্যতিক্রমী এ বরযাত্রা স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।









