বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ১৩
- আপডেট সময় : ০৮:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৫৪ বার পড়া হয়েছে

যে বাড়িতে থাকার কথা ছিল আনন্দ আর উৎসবের আবহ, সেখানে নেমে এসেছে শোকের ছায়া। ছেলে নববধূকে নিয়ে নতুন সংসার শুরু করবে—এমন স্বপ্নে বিভোর ছিল পরিবার। কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই সব আনন্দ পরিণত হয়েছে কান্নায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোংলা পৌর বিএনপির নেতা আব্দুর রাজ্জাকসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে ছেড়ে যাওয়া নৌবাহিনীর একটি বাস বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবদম্পতিকে বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা সবাই নিহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন সাব্বিরের বড় ভাই আব্দুল্লাহ, ভাইয়ের স্ত্রী ফারহানা সিদ্দিকা, তাদের ছেলে আবু তালহা আলিফ, রায়হান রহমান, সাব্বিরের বোন ঐশী, তার ছেলে সামি, পুতুল, আনোয়ারা বেগম, হেরাম, রশিদা বেগম এবং মাইক্রোবাসের চালক নাইম।
এ ঘটনায় মোংলার শেহালাবুনিয়া এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা রাজা মিয়া ও জোহরা বেগম জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। তারা বলেন, এমন ঘটনা আর কোনো পরিবারের জীবনে না ঘটুক।
দুর্ঘটনার সময় নতুন বর–কনের গাড়িবহরে না থাকায় সৌভাগ্যক্রমে বেঁচে যান নিহত সাব্বিরের মা। তবে পরিবারের এতজনকে হারিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন এবং শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন বলে জানান স্বজনরা।
নিহত কনে **মার্জিয়া আক্তার (মিতু)**র মামা আবু তাহের জানান, খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় বৃহস্পতিবার দুপুরে তার ভাগ্নির বিয়ে হয়। পরে নবদম্পতি ও স্বজনদের নিয়ে মাইক্রোবাসটি মোংলার শেহালাবুনিয়ার উদ্দেশে রওনা দেয়। রামপালের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এতে মার্জিয়া, তার বোন লামিয়া ও তাদের নানীসহ কয়েকজন নিহত হন।
মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে সাব্বিরের ওই বিয়ে হয়েছিল বলে জানান মোংলা পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম। তিনি বলেন, দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক, তার ছেলে–পুত্রবধূ, মেয়েসহ পরিবারের সদস্য ও কনে পক্ষের লোকজন মিলিয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মরদেহ রাতে শেহালাবুনিয়া এলাকায় তাদের বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।










