গাইবান্ধার পাঁচ সংসদীয় আসনে সব প্রস্তুতি সম্পন্ন: ৬৭৫ কেন্দ্রের ৩৭৯টি ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। জেলার মোট ৬৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবেও বিবেচনায় রাখা হয়েছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার সাত উপজেলার ৮২টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন। এর মধ্যে চরাঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্র রয়েছে ৬৫টি। এবারের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসনভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার তথ্য
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ):
একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১২৩টি। এর মধ্যে ৪১টি ঝুঁকিপূর্ণ এবং ১১টি অতি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮ জন।
গাইবান্ধা-২ (সদর):
একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১১৮টি। এর মধ্যে ৫১টি ঝুঁকিপূর্ণ ও ১১টি অতি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। প্রার্থী ৭ জন।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী):
একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এর মধ্যে ৮৭টি ঝুঁকিপূর্ণ এবং ১৭টি অতি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১০ জন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ):
একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪২টি। এর মধ্যে ১০৫টি ঝুঁকিপূর্ণ ও ৫টি অতি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। প্রার্থী ৬ জন।
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি):
১৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এর মধ্যে ৯০টি ঝুঁকিপূর্ণ এবং ৩৫টি অতি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬১ জন। প্রার্থী ৯ জন।
কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেন,
“সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলায় ১১৫০ জন সেনা সদস্য, ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য ও ১৪টি র্যাব টহল দল মোতায়েন থাকবে।”
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।
প্রশাসনের দাবি, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় গাইবান্ধায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।










