গাইবান্ধায় ২৪ ঘণ্টায় তিন দুর্ঘট*নায় নিহ*ত ৬, আহ*ত অন্তত ১২।
- আপডেট সময় : ১২:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া পৃথক তিনটি মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত পলাশবাড়ী, সদর ও গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা ও গাছচাপা পড়ার ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। একের পর এক দুর্ঘটনায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০
ঘন কুয়াশার মধ্যে ওভারটেক করতে গিয়ে পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী মহাসড়কের ঠুটিয়া পুকুর বাজারসংলগ্ন গড়ের ঈদগাহ মাঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক (মেট্রো-উ ১৪-৩৫৪৮) মহাসড়ক দিয়ে চলছিল। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ভ ১২-১৬৩৬) ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে বাসের হেলপারসহ এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত দুইজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি পলাশবাড়ী থানায় নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
গাইবান্ধা সদরে গাছচাপা পড়ে আপন দুই বোনের করুণ মৃত্যু
একই দিন বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গাছচাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো—১১ বছর বয়সী ফিহামনি ও তার দুই বছর বয়সী ছোট বোন জান্নাতি আক্তার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্বাসের মোড় এলাকায় মধু মিয়া ও মতিউর রহমানের বাড়িতে গাছ কাটার কাজ চলছিল। বিকেলে ফিহামনি তার ছোট বোনকে কোলে নিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে গেলে হঠাৎ একটি বড় গাছ উপড়ে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২
অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বন্দর এলাকার ব্র্যাক অফিসের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে যায়। এতে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের জনি মিয়া ও নাকাই ইউনিয়নের মালিনীপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।










