চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের পর ছেড়ে দেওয়া ও মাদক আত্মসাতের অভিযোগে ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত।
- আপডেট সময় : ০২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পর তাকে ছেড়ে দেওয়া এবং উদ্ধারকৃত মাদক আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) নগর পুলিশ কমিশনারের নির্দেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—
-
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার
-
এসআই মোহাম্মদ আমির হোসেন (বর্তমানে কোতোয়ালি থানায় কর্মরত)
-
সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম
-
এএসআই মো. জিয়াউর রহমান
-
এএসআই মো. সাদ্দাম হোসেন
-
এএসআই এনামুল হক
-
কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঞা
-
নারী কনস্টেবল উম্মে হাবিবা
কী অভিযোগে বরখাস্ত
পুলিশ সূত্রে জানা গেছে,
মাদকদ্রব্য আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং বৈধ আদেশ অমান্য করার অভিযোগে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (পিআরবি) বিধি-৮৮০ অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৮ ডিসেম্বর রাতে নগরের নতুনব্রিজ এলাকার একটি তল্লাশিচৌকিতে কক্সবাজার থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল মো. ইমতিয়াজ হোসেনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে অভিযোগ রয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন। পরে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কনস্টেবল ইমতিয়াজ হোসেনকে ছেড়ে দেওয়া হয়।
তদন্তে উঠে আসে নতুন তথ্য
পরবর্তী তদন্তে জানা যায়, কনস্টেবল ইমতিয়াজ হোসেন কক্সবাজারের কলাতলী এলাকার কয়েকজনের কাছ থেকে অর্থের বিনিময়ে ইয়াবার চালান বহনে সম্মত হন। তিনি কোনো ধরনের ছুটি না নিয়েই ইয়াবাভর্তি লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
নতুনব্রিজ এলাকায় তল্লাশির সময় ইয়াবা উদ্ধার হলেও তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এলে নগর পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। তদন্তে ইয়াবাসহ ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ার গুরুতর অনিয়মের তথ্য উঠে আসে।
পরবর্তী ব্যবস্থা
বরখাস্তকালীন সময়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করে নিয়মিত হাজিরা ও রোলকল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, তল্লাশিচৌকিতে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ার ঘটনায় গত ২৩ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেন। একই সঙ্গে নগর পুলিশের উপকমিশনারকে (দক্ষিণ) ৫ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।










