স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার জালাল।
- আপডেট সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮৬ বার পড়া হয়েছে

নিউজ:
গাজীপুরের চান্দনা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই পালিয়ে যাওয়া ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি যৌথ দল।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট থানাধীন নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা। নিহত স্ত্রী মাস্তুরা আক্তার সুমা (২৮) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
র্যাব জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ ঘরে তালাবদ্ধ রেখে পালিয়ে যাওয়ার সময় শ্বশুরকে ফোন করে হত্যার কথা জানায়।
খবর পেয়ে বাসন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।










