গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ
- আপডেট সময় : ০৮:১৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম।
সোমবার (৯ মার্চ) রাতে হামলার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
অভিযোগে বলা হয়, সোমবার দুপুরে বানেশ্বর বাজার এলাকায় রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমা সংক্রান্ত একটি বৈঠকে বসেন কয়েকজন স্থানীয় নেতা। এ সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি সেখানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় উপস্থিত নেতাকর্মীদের মারধর করা হয় এবং কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম বলেন, বৈঠক চলাকালে হঠাৎ হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর ও কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










