বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা
- আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৪ বার পড়া হয়েছে

প্রতিনিধি | ঢাকা
২০০৯ সালে পিলখানায় সংঘটিত আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি। আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের নির্বাচনী ইশতেহারেও রয়েছে। আমরা বিডিআর বিদ্রোহের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করবো অথবা কমিশনের মাধ্যমে তদন্ত করে তার রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিয়ে জনমনে যে প্রশ্ন রয়েছে, তা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের ডিসেম্বরে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। ওই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান।
সরকারের নতুন এ উদ্যোগে দীর্ঘদিনের আলোচিত এ ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।










