২৯৯ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, ফল প্রকাশে বিলম্ব হবে না
- আপডেট সময় : ০৯:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ২৯৯টি সংসদীয় আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোট গ্রহণ ও ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার ছিল একটি সুষ্ঠু নির্বাচন। আমরা স্বীকার করছি, ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হয়েছে এবং ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘২৯৯টি আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাংবাদিকদের প্রতি আহ্বান থাকবে—সঠিক তথ্য পরিবেশন করবেন এবং কোনো অপতথ্য প্রচার করবেন না।’
আখতার আহমেদ বলেন, ‘বিদেশি সাংবাদিকদের দায়িত্ব পালনের সুবিধার্থে এই মিডিয়া সেন্টার চালু করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।’
পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি জানান, রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন। পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে সার্বিক ফল প্রকাশে অযথা বিলম্ব হবে না।










