এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর।
- আপডেট সময় : ০২:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১২২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।
শুক্রবার (৯ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশনে এই আবেদন করেন। তবে আবেদনে ঠিক কী কারণে মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঋণখেলাপির তালিকা থেকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল করার শেষ দিন আজ শুক্রবার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব আপিলের শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।










