বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না।
- আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ১২৬ বার পড়া হয়েছে

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। শুনানি শেষে তিনি জানান, চেম্বার আদালতের আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আইনগত যোগ্যতা হারাবেন।
এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার সেই আদেশ স্থগিত করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।










