বিতর্কিত বক্তব্যের জেরে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার
- আপডেট সময় : ০৩:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য এবং কার্যকলাপের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে এক নির্বাচনি উঠান বৈঠকে দেওয়া মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়,
‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে সব ছারখার করে দেব।’
এই বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিএনপি। পরে নিজের বক্তব্যকে ‘কথার কথা’ বলে দাবি করেন মঞ্জুরুল মুন্সী। তিনি বলেন, প্রচারণার শেষ দিনে গভীর রাতে ওই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং অতিরিক্ত ক্লান্তি ও অবসাদের কারণে এমন কথা বলে ফেলেছেন।
মঞ্জুরুল মুন্সী বলেন, ‘বিষয়টি মূলত কথার কথা ছিল। তখন রাত প্রায় দুইটা বাজে, আমি খুবই ক্লান্ত ছিলাম।’
উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়।










