বিএনপির এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না
- আপডেট সময় : ০৭:৫২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিদ্ধান্ত নিয়েছে, দলের কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা সরকারিভাবে কোনো প্লট গ্রহণ করবেন না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলের সংসদ সদস্যরা কেউই ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না—এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, স্বচ্ছতা, মিতব্যয়িতা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির নেতৃত্ব মনে করছে, জনপ্রতিনিধিদের মধ্যে দায়িত্বশীলতা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই সিদ্ধান্ত সংসদীয় রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে সহায়ক হবে।










