নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: বিএনপি মহাসচিব
- আপডেট সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন,
“নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।”
তিনি জানান, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করার কথা ছিল। এ সফরের অংশ হিসেবে তিনি জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের কথা ছিল।
তবে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে আলোচনার মাধ্যমে সফরটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এবং নির্বাচন কমিশনের অনুরোধকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও সফরসূচি নিয়ে নির্বাচন কমিশন সতর্ক অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিতের অনুরোধ জানানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।










