সাদুল্লাপুরে বিএনপির নির্বাচনী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ, নেতাকর্মীদের ঢল
- আপডেট সময় : ০৫:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৬৮ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনীত প্রার্থীর উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।
মিছিলটি হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড় অতিক্রম করে পুনরায় হাইস্কুল মাঠে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাদুল্লাপুর শহর। নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে এলাকায় সৃষ্টি হয় প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক। তিনি বলেন,
“আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে নয়, একজন সাদুল্লাপুরের সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। আমি দল দেখি না, মানুষ দেখি। এই এলাকার উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার আদায় এবং সাদুল্লাপুরকে এগিয়ে নিতে আপনাদের সমর্থন চাই।”
তিনি আরও বলেন,
“সাদুল্লাপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। এই জনপদকে উন্নয়নের মূলধারায় আনতে হলে আমাকে ক্ষমতা দিতে হবে। তাই দল-মত নির্বিশেষে সকলের ভোট ও দোয়া কামনা করছি।”
সমাবেশ ও মিছিলে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আশাবাদ ব্যক্ত করেন, সাদুল্লাপুরের মানুষ উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে রায় দেবে।










