১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময় : ১২:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১১৪ বার পড়া হয়েছে

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় নিশ্চিত হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যেখানে রাষ্ট্রের প্রকৃত মালিক হবে জনগণ।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে যেন আর কখনো কাউকে গুম হতে না হয়, কোনো মাকে যেন সন্তানের জন্য আহাজারি করতে না হয়—বিএনপি সেই ধরনের একটি বাংলাদেশ গড়তে চায়। আমরা এমন রাষ্ট্র চাই, যেখানে গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছেন, তারা মর্যাদার সঙ্গে বাঁচবেন।”
গণতন্ত্রের সৌন্দর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে তারা বিএনপিকে ভোট দেবে। অন্য দলগুলোরও তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার অধিকার আছে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের প্রকৃত রূপ।”
নিজের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। ২০০৮ সালে কারাবন্দি থাকায় নির্বাচন করতে পারিনি। সে সময় আপনারা আমার স্ত্রী হাসিনা আহমদকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। এজন্য আমি ও আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। এতে প্রমাণ হয়—আপনারা আমাকে ভালোবাসেন।”
তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গিয়ে আমার জীবনও হুমকির মুখে পড়েছিল। এক সময় আমরা গণতন্ত্র হারিয়েছিলাম। মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপি সেই হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।










