গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৮২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন। মোটরসাইকেল চালানোর বিভিন্ন ভিডিও ধারণ করে সেগুলো নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন তিনি।
সোমবার সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় শাওন চলন্ত অবস্থায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ ধরে না রাখার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক রনি জানান, শাওন চলন্ত মোটরসাইকেলে নানা ধরনের কৌশল দেখিয়ে ভিডিও তৈরি করতেন। এসব ভিডিও তার ফেসবুক পেজে প্রচুর দর্শক দেখতেন। একই ধরনের ভিডিও তৈরির সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে তিনি জানান।
তিনি আরও জানান, শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। প্রায় পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।










