প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের।
- আপডেট সময় : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হন তারেক রহমান। পাঁচ মিনিট পর তিনি নিজের বাসভবনে প্রবেশ করেন। সেখান থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা দেন তিনি।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বিশেষ করে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়েছিল।
এরপর গত ২৫ ডিসেম্বর দীর্ঘদিন পর দেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার দিন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ হয়।
দেশে ফিরে এটিই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।










