সাদুল্লাপুরে যুব উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণ ও সহজ ঋণের ওপর গুরুত্ব দিলেন ডিজি মোতাহার হোসেন
- আপডেট সময় : ০৭:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৯৩ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে মন্তব্য করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন।
শনিবার (১ আগস্ট) গাইবান্ধার সাদুল্লাপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি, বায়োগ্যাস পল্লীর উদ্বোধন এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোতাহার হোসেন বলেন, “দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে একজন যুবক বা যুবতী শুধু নিজের কর্মসংস্থানের সুযোগই তৈরি করেন না, বরং অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে পারেন। প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো দক্ষ, স্বাবলম্বী ও উদ্যোক্তা যুবসমাজ গড়ে তোলা। তাই ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মফিজুল ইসলাম, আর্ন প্রকল্পের কনসালটেন্ট সাজেদ ফাতেমী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি নবনির্মিত বায়োগ্যাস পল্লীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে দেশের যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










