সাদুল্লাপুরে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
- আপডেট সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৭১ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বয়স্ক ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এসব হুইলচেয়ার পাওয়ায় চলাচলে অক্ষম ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৬ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রকৌশল কার্যালয়ের মাধ্যমে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মেনাজসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
হুইলচেয়ার বিতরণকালে সংশ্লিষ্টরা বলেন, সমাজের অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমিত সম্পদের মধ্যেও প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। হুইলচেয়ার পাওয়ায় এখন দৈনন্দিন কাজকর্ম ও প্রয়োজনীয় চলাফেরা অনেকটাই সহজ হবে।
উপকারভোগীরা এ ধরনের মানবিক সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল কার্যালয় ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, সরকারি এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও বেশি অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম সম্প্রসারণেরও দাবি জানান তারা।










