বিদেশগামীদের জন্য সহজ এবং দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে
- আপডেট সময় : ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৯ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:
বিদেশে কাজ করতে গিয়ে যেন কাউকে জমিজমা বিক্রি করতে না হয়, সে লক্ষ্যে সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, এই ঋণের মাধ্যমে প্রবাসে যাওয়ার প্রাথমিক খরচ সহজেই মেটানো যাবে। পরে বিদেশে উপার্জিত অর্থ দিয়ে ধাপে ধাপে সেই ঋণ পরিশোধ করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমবে।
তিনি আরও বলেন, দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সারাদেশে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে এবং বেকারত্ব হ্রাস পাবে।
ধর্মগুরুদের প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে, যাতে তারা সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
তিনি বলেন, বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলটি রাষ্ট্র পুনর্গঠনে কার্যকর উদ্যোগ নিতে চায়। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণই বিএনপির প্রধান লক্ষ্য।
পথসভায় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।
ঢাকা-১৭ আসনের বিভিন্ন সমস্যা উল্লেখ করে তারেক রহমান বলেন, যানজট, জলাবদ্ধতা ও বায়ু দূষণের মতো সমস্যাগুলো সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করা সম্ভব।
খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশত্যাগের প্রস্তাব পেলেও তিনি দেশ ছাড়েননি। আমৃত্যু এ দেশের মানুষের পাশে ছিলেন। সেই আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাবে।
শেষে তিনি বলেন, বর্তমান সময়ে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যাদের কাছে সুস্পষ্ট রাষ্ট্র গঠনের কর্মসূচি রয়েছে এবং অতীতের মতো জনগণের সমর্থন নিয়েই বিএনপি সামনে এগিয়ে যেতে চায়।










