গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন জমা দিলেন ১০ প্রার্থী।
- আপডেট সময় : ০৩:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ২৭৮ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ি) আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়ন জমাদানকারী প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ (অব.) মাওলানা নজরুল ইসলাম লেবু,
জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান,
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু,
ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন,
গণঅধিকার পরিষদের সুরুজ্জামান সরকার,এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা,
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের, মোছাদ্দিকুল ইসলাম,এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এএসএম খাদেমুল ইসলাম খুদি ও আজিজার রহমান বিএসসি।
এদিকে নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পর গাইবান্ধা-৩ আসনে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
গাইবান্ধা জেলার সংসদীয় আসন নম্বর ৩১—গাইবান্ধা-৩ গঠিত হয়েছে সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়ন এবং পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়ন, মোট ১৯টি ইউনিয়ন নিয়ে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে
পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন,নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন,এবং হিজড়া ভোটার ৯ জন।
উল্লেখ্য এ আসনে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপরই শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। ভোটের মাঠে কে কার ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবেন—তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।










