ইদিলপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন,জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদ।
- আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩২ বার পড়া হয়েছে

ইদিলপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন,জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদ।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কুঞ্জমহিপুর কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মোঃ সাহারুল হুদা এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সরকার। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, গত ১৮ ফেব্রুয়ারি মাদারহাটে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে।
তারা বলেন, ওই সংবাদ সম্মেলনে মহিলা দলের নেত্রী মোছাঃ তাছলিমা খাতুনকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে তাদের নাম জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ করা হয়। সেখানে দাবি করা হয় যে, বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক নাকি তাকে ‘বেয়াদব’ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি এবং তারা এ ধরনের কোনো মন্তব্যও করেননি বলে স্পষ্টভাবে জানান।
বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, সম্পূর্ণ অসত্য ও মনগড়া তথ্য উপস্থাপন করে তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। এ ধরনের মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করে সত্য তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










