সরকার গঠন হলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান
- আপডেট সময় : ১০:০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৬ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি :
বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহতালার রহমতে আগামী দিনে সরকার গঠন করতে পারলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ পুনর্গঠনের এই কাজে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়েই এগোতে হবে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রায় ২৬ মিনিটের বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়াতে বিশ্বাস করে না, বরং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়াই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও হত্যার শিকার হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবি মামলায় নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও ২০২৪ সালের জুলাই-আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ রাজনৈতিক অধিকার—বিশেষ করে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনেও মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। কেউ প্রতিবাদ করতে গেলে রাতের আঁধারে খুন-গুমের শিকার হয়েছে। তারেক রহমান বলেন, “আজ সময় এসেছে। আগামী ১২ তারিখ বাংলাদেশের মানুষ তাদের সেই হারানো অধিকার প্রয়োগ করবে।”
অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। ভবিষ্যতেও জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে দেশের পুনর্গঠনই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, “যাদের কাছে মানুষের মূল্যায়ন নেই, আত্মসম্মান নেই—তাদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না।”
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। জনসংখ্যার অর্ধেককে পিছনে রেখে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে স্কুল থেকে কলেজ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে নারীরা শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলী আসগর লবী, খুলনা-১ আসনের প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৬ আসনের প্রার্থী এস এম মনিরুর হাসান বাপ্পীসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা।
এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, খুলনায় এটি তারেক রহমানের চতুর্থ সফর। সর্বশেষ তিনি ২০০৪ সালে খুলনায় এসেছিলেন।










