সাদুল্লাপুরে প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে পূর্ণদিবস কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৪:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৮০ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে পূর্ণদিবস কর্মসূচি পালিত।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবির বাস্তবায়নের দাবিতে পূর্ণদিবস ‘কমপ্লিট শার্ট ডাউন’ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা সহকারী শিক্ষক সমাজের ব্যানারে কর্মসূচিটি শুরু হয়। এতে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা অংশ নেন।
শিক্ষক নেতারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পর দাবী পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে আন্দোলন স্থগিত করলেও দীর্ঘ দিনেও প্রজ্ঞাপন জারি করতে গড়িমসি করায় এ কর্মবিরতি ও কমপ্লিট শার্ট ডাউন করছে।
তাদের প্রধান ৩ দফা দাবি হলো—
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির সুযোগ বৃদ্ধি,
উচ্চতর টাইম স্কেল বাস্তবায়ন।
তারা আরও জানান,“দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা।দুপুরে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন—উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস বলেন,“শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর। তাঁদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানানো উচিত। আমরা বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।”
অন্যদিকে ভারপ্রাপ্ত ইউএনও জসিম উদ্দিন শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রাখার আহ্বান জানিয়ে বলেন,“আপনারা শিক্ষিত মানুষ। শান্তিপূর্ণ উপায়ে দাবি জানান,।আপনারা দাবিগুলো লিখিতভাবে দিলে আমরা তা দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব।”
কর্মসূচিতে বক্তৃতা দেন—উপজেলা হিসাবরক্ষক শরিফুল ইসলাম,সহকারী শিক্ষক সমাজ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি ওলিউর রহমান ফারাজী মিলন,সাধারণ সম্পাদক নাজমুল হক মন্ডল,সহ-সভাপতি তৈহিদুর রহমান,শিক্ষক তুষার, রোজিনা আকতার, আনিছুর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আনিছুর রহমান।
সারাদেশের মতো সাদুল্লাপুরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১১ গ্রেড, পদোন্নতি ও উচ্চতর টাইম স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। বহুবার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ ক্রমাগত হতাশ হয়ে পড়ছেন।
শিক্ষকরা জানান,দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। তবে কোনোভাবেই শিক্ষার্থীদের ক্ষতি হতে দেওয়া হবে না।
সাদুল্লাপুরে শিক্ষকদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।










