হাইকোর্টের রায়ে বৈধতা পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী: গাইবান্ধা-৩ আসনে বৈধ প্রার্থী বেড়ে ৯ জন।
- আপডেট সময় : ০৯:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-৩ সংসদীয় আসন (সাদুল্লাপুর–পলাশবাড়ী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী হাইকোর্টের রায়ে বৈধতা পেয়েছেন। ফলে এই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
জানা গেছে, গত শনিবার (৩ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে মনোনয়ন দাখিল করা মোট ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় একটি রাজনৈতিক দলের প্রার্থীসহ দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
পরবর্তীতে মনোনয়ন বাতিল হওয়া ওই দুই স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা বৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তাদের মনোনয়নকে বৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের রায়ে বৈধতা পাওয়া দুই স্বতন্ত্র প্রার্থী হলেন—
এস এম খাদেমুল ইসলাম খুদি এবং আজিজার রহমান (বিএসসি)।
এই রায়ের ফলে গাইবান্ধা-৩ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও জমজমাট হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রার্থীর সংখ্যা বাড়ায় ভোটের মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে এবং ভোটারদের আগ্রহও বাড়বে বলে তাদের ধারণা।
উল্লেখ্য, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৩ সংসদীয় আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।










