কনকনে শীতের রাতে ২ শিশুকে রাস্তায় ফেলে গেল বাবা-মা: উদ্ধার করলেন অটোচালক
- আপডেট সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের রাতে দুই অসুস্থ শিশু সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন তাদের পাষণ্ড মা-বাবা। চার বছর বয়সী কন্যা শিশু আয়শা এবং দুই বছর বয়সী বাকপ্রতিবন্ধী ছোট ভাইকে উদ্ধার করে আশ্রয় দিয়েছেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালক।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কাঁপতে থাকা দুই শিশুকে দেখতে পান মহিম। তিনি জানান, “সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে আমি এগিয়ে যাই। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে তাদের নিজের বাড়িতে নিয়ে আসি।”
উদ্ধার হওয়া শিশুদের বড় বোন আয়শা জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তাদের বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শা আরও জানায়, তাদের মা-বাবার কাছ থেকে একটি খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।
মহিমের স্ত্রী শারমিন আক্তার বলেন, “দুই শিশুই অসুস্থ। ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে তাদের গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানো হলে তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। আমাদের ধারণা, শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছেন।”
আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর মোমেন বলেন, “বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে যাই এবং বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠানো হয়েছে।” আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, “সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”










