কুমিল্লা-৪ আসনে এনসিপি–জামায়াত সমঝোতা, সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী।
- আপডেট সময় : ০৩:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচন করছেন। এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা আরও আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। গতকাল রোববার ঢাকায় জোটের শীর্ষ নেতাদের আয়োজিত সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অপরদিকে, এই আসনে এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর বাড়ি দেবীদ্বার উপজেলায়। গত ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন,
‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাইফুল ইসলাম বলেন, সংগঠনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন এবং সে অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, সংগঠনের কর্মীদের ত্যাগের জন্য তিনি মহান রবের কাছে দোয়া করেন এবং ভবিষ্যতেও দেবীদ্বারের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সংগঠনের এই সিদ্ধান্ত সামগ্রিকভাবে কল্যাণ বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপি ও জামায়াতের এই সমঝোতাকে আসন্ন নির্বাচনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।










