সাদুল্লাপুরে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা ও গণমিছিল
- আপডেট সময় : ০৪:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪৫ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
সাদুল্লাপুরে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা ও গণমিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
১১ দলীয় জোটের সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এরশাদুল হক ইমন-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের সমর্থন ও ভোটের মাধ্যমে ইসলামপন্থী নেতৃত্বকে জাতীয় সংসদে পাঠাতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল এবং লেখক ও গবেষক আলী আহমেদ মাবরুর।
এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফজলে রাব্বি ফাইম রেজা, সোহরাওয়ার্দী হলের ভিপি কায়সার হাবীব, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা ছাত্র শিবির সভাপতি রুম্মান ফেরদাউস, শিবির সেক্রেটারি ইউসুফ আল কারজাভী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, গাইবান্ধা-৩ আসনের নির্বাচন পরিচালক আবু বক্কর সিদ্দিক এবং পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল হালিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি তসলিম উদ্দিন, শিবির দায়িত্বশীল আল জাবের হাক্কানী, এনসিপির দপ্তর সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)-কে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
জনসভা শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি সাদুল্লাপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন স্লোগানে পুরো সাদুল্লাপুর শহর মুখরিত হয়ে ওঠে।










