ডেপুটি স্পিকার প্রসঙ্গে বিএনপির প্রস্তাব আপাতত নাকচ করেছে জামায়াত
- আপডেট সময় : ০৭:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১২৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির দেওয়া মৌখিক প্রস্তাব আপাতত নাকচ করেছে জামায়াতে ইসলামী। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে দলটি।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে গণমাধ্যমকে ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, এভাবে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব তারা চাননি।
এর আগে গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সমঝোতা হয়েছে, সেটির বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। সে অনুযায়ী ক্ষমতাসীন দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকারের জন্য একজন প্রার্থী ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিনই তাকে নির্বাচিত করা যেতে পারে।
তবে বিরোধী শিবির থেকে এ বিষয়ে লিখিত প্রস্তাব দেওয়ার পাশাপাশি জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।










