শেরপুরে বিএনপি–জামায়াত সংঘ-র্ষে জামায়াত নেতা নি-হত
- আপডেট সময় : ০৭:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘ-র্ষে জামায়াত নেতা নি-হত
শেরপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের উপস্থিতিতে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকেরা আগে থেকেই মঞ্চের সামনে আসন গ্রহণ করেন। পরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের সমর্থকেরা মাঠে পৌঁছালে বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
শ্রীবরদী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে সহকারী রিটার্নিং অফিসারের আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকেরা বিলম্বে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে ৫০ জনের বেশি জামায়াত সমর্থক আহত হন।
তিনি আরও জানান, গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই রেজাউল করিমের মৃত্যু হয়। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রেজাউল করিমকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










