গাইবান্ধায় ভোটারদের আস্থা ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা, উত্তপ্ত পরিস্থিতিতে হলরুম ত্যাগ করেন আইন উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ভোটারদের আস্থা ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা, উত্তপ্ত পরিস্থিতিতে হলরুম ত্যাগ করেন আইন উপদেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি:
ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামের অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, “গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। টানা ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।”
তিনি আরও বলেন, ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। এ লক্ষ্যে সরকার গণভোটসহ ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের সচেতন করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় বক্তব্য চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা হাদি হত্যার বিচারসহ সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার প্রক্রিয়ায় বিলম্বের বিষয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে উপদেষ্টার উত্তরে তারা সন্তুষ্ট না হওয়ায় সভাস্থলে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে স্লোগান ও হট্টগোলে সভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাৎক্ষণিকভাবে অডিটোরিয়াম হলরুম ত্যাগ করেন। ফলে সভাটি অসমাপ্ত অবস্থায় শেষ হয়।
এ ঘটনায় সভাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









