মাদ্রাসা শিক্ষার্থী ধ*র্ষণের অভিযোগে সুপার আটক
- আপডেট সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৪৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে গুরুতর নির্যাতনের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার বাসিন্দা ওই শিশুটি প্রায় আট মাস আগে ভেড়ামারার একটি মহিলা মাদ্রাসায় ভর্তি হয় এবং সহপাঠীদের সঙ্গে আবাসিকভাবে সেখানে থাকত।
রোববার মাদ্রাসা ছুটি থাকায় শিশুটির মা তাকে বাড়ি নিয়ে যেতে মাদ্রাসায় যান। এ সময় অভিযুক্ত সুপারের স্ত্রী তাকে জানান, শিশুটির জ্বর এসেছে। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শিশুটি নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর সোমবার অভিযুক্ত মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির বাবাও এ ঘটনার ন্যায়বিচার কামনা করেছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










