সাদুল্লাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।
- আপডেট সময় : ০২:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৭৬ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে পর্যায়ক্রমে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশনার জসিম উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা সংঘটিত নির্মম বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে দেশের খ্যাতিমান শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও চিন্তাবিদদের হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রই ছিল এই বর্বরতার মূল উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও আদর্শ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের দেশপ্রেম, সাহস ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি শুধু শোকের নয়, বরং আত্মসমালোচনা ও অঙ্গীকারের দিন। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে ন্যায়বিচার, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে হবে।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদদের পরিবারের সদস্যসহ উপস্থিত সকলে অংশ নেন।
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাদুল্লাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।










