হাদি হত্যা মামলার প্রধান আসামির সহযোগী দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি
- আপডেট সময় : ০৯:২২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের পালাতে সহায়তার অভিযোগে ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকার আমিনবাজার হয়ে কালামপুর, এরপর ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সীমান্ত পারাপারে সহযোগিতা করেন ফিলিপ পাল ও সঞ্জয়। পরে মেঘালয়ের তুরা এলাকায় তাদের হস্তান্তর করা হয় পূর্তি ও সামীর কাছে। এ ঘটনায় পূর্তি ও সামীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৪ জন সাক্ষীও স্বীকারোক্তি দিয়েছেন। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্যে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ হাদিকে ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।










