মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২৫১ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে দেশের সব টেলিভিশন চ্যানেলকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দৃষ্টিগোচর হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ এখনো জানা যায়নি। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার দিনই এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান।










