সাদুল্লাপুরে জামায়াতের ইফতার মাহফিল: প্রধান অতিথি এমপি লেবু মাওলানা।
- আপডেট সময় : ০৪:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১ বার পড়া হয়েছে

প্রতিনিধি | সাদুল্লাপুর, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গাইবান্ধা-৩ সংসদীয় আসন দুটি উপজেলা নিয়ে গঠিত হওয়ায় উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। উভয় উপজেলাতেই সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে তিনি সকলের এমপি হিসেবে দায়িত্ব পালন করতে চান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এরশাদুল হক ইমন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে।










