শপথের পর উন্নয়ন, সততা ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার এমপি লেবু মাওলানার
- আপডেট সময় : ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সাদুল্লাপুর–পলাশবাড়ীর জনগণের অকুণ্ঠ সমর্থন, দোয়া ও ভালোবাসার কারণেই তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ পেয়েছেন। তিনি এ দায়িত্বকে কেবল একটি সম্মান নয়, বরং জনগণের অর্পিত একটি “মহান আমানত” হিসেবে উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সততা, ন্যায়নীতি ও জবাবদিহিতার ভিত্তিতে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন, ইনশাআল্লাহ। পাশাপাশি সাদুল্লাপুর–পলাশবাড়ীর সার্বিক উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বার্তার শেষাংশে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
তার এই বক্তব্যে স্থানীয় জনগণের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। সচেতন মহল মনে করছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা ও উন্নয়নমুখী চিন্তাধারার প্রতিফলন ঘটলে সাদুল্লাপুর–পলাশবাড়ী অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসবে।










