সাদুল্লাপুরকে পরিচ্ছন্ন করতে অভিযানে নামলেন এমপি নজরুল ইসলাম (লেবু মাওলানা)
- আপডেট সময় : ০৭:৩১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৯ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
সাদুল্লাপুরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। সোমবার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিন সকালে নিজ হাতে ঝাড়ু তুলে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন এমপি লেবু মাওলানা। কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এমপি নজরুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি সামাজিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, “শুধু রাস্তা পরিষ্কার হলেই হবে না, মানুষের অন্তরও পরিষ্কার হওয়া জরুরি—এই বার্তাই আমরা দিতে চাই।”
তিনি আরও জানান, পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নেই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যের এমন সরাসরি অংশগ্রহণে সন্তোষ ও প্রশংসা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, একজন জনপ্রতিনিধির নিজ হাতে ঝাড়ু তুলে কাজে নামা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলেছে এবং শহর পরিষ্কার রাখার ব্যাপারে উৎসাহ জুগিয়েছে। তারা এই উদ্যোগ নিয়মিত ও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার দাবি জানান।










